শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

‘জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, এটি প্রতারণার বাজেট’—এনসিপি

প্রথম সমাচার ডেস্ক ১২ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘প্রতারণার বাজেট’ আখ্যা দিয়ে বলেছে, এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দলটির মতে, বাজেটটি জনকল্যাণমুখী বা রূপান্তরমুখী না হয়ে ইশতেহারনির্ভর ও অবাস্তব লক্ষ্যমাত্রাভিত্তিক হয়েছে।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির ছায়া বাজেট কমিটির প্রধান ও যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

তিনি বলেন, দীর্ঘদিনের ঋণনির্ভরতা, বৈষম্য ও অর্থনৈতিক দুর্বলতার প্রেক্ষাপটে দেশের জন্য একটি রূপান্তরমুখী বাজেট প্রয়োজন ছিল। কিন্তু সরকার বাস্তবভিত্তিক সংস্কারের পরিবর্তে উচ্চাভিলাষী ও অবাস্তব লক্ষ্যনির্ভর বাজেট উপস্থাপন করেছে।

ড. আতিক মুজাহিদ দাবি করেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বাস্তবসম্মত নয়। তার মতে, সরকার প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করলেও বাস্তবে ৪ থেকে সাড়ে ৪ লাখ কোটি টাকার বেশি আদায় সম্ভব হবে না। ফলে বড় ধরনের বাজেট ঘাটতির ঝুঁকি তৈরি হবে।

তিনি আরও বলেন, ব্যাংক ঋণনির্ভর অর্থায়ন বাড়লে ব্যাংকিং খাতের ওপর চাপ বৃদ্ধি পাবে এবং শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে। একই সঙ্গে করব্যবস্থার কিছু প্রস্তাব মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।

করমুক্ত আয়সীমা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতায় করমুক্ত আয়সীমা আরও বাড়ানো উচিত ছিল। তবে সরকার যে পরিমাণ বৃদ্ধি করেছে, তা পর্যাপ্ত নয়।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, বাজেটটি জনকল্যাণমুখী হওয়ার পরিবর্তে জনতুষ্টিমূলক হয়েছে। তার দাবি, দেশের অর্থনীতিকে সংকট থেকে উত্তরণের জন্য কাঠামোগত সংস্কারভিত্তিক বাজেট প্রয়োজন ছিল, কিন্তু প্রস্তাবিত বাজেটে সে ধরনের দিকনির্দেশনা অনুপস্থিত।

তবে এনসিপি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে কিছু ইতিবাচক দিকও রয়েছে বলে উল্লেখ করেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...