পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে দেশের ভেতরে ও বাইরে জনগণ যদি নিরাপদ ও স্বস্তি বোধ না করেন, তাহলে সেই লক্ষ্য পূরণ কঠিন হয়ে দাঁড়াবে।
পুলিশ ও জনগণের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর ভূমিকা অতুলনীয়।
তবে পুলিশ যদি জনগণের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও আস্থার বন্ধন তৈরি করতে পারে, তাহলে তাদের দায়িত্ব পালন অনেক বেশি কার্যকর ও সহজ হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে।
জনমনে শান্তি ফিরে এসেছে। কিন্তু জনগণ চায় গুম, অপহরণ ও ভয়ের পরিবেশ থেকে মুক্তি। তারা এমন একটি সমাজ প্রত্যাশা করে, যেখানে অবিচার, নিপীড়ন ও নির্যাতনের কোনো স্থান থাকবে না। এই প্রত্যাশা পূরণে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ওই নির্বাচন প্রমাণ করেছে যে অনুকূল পরিবেশ পেলে পুলিশ বাহিনী পূর্ণ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সক্ষম।
তিনি আরও উল্লেখ করেন, শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ গৌরবোজ্জ্বল অবদান রেখে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বদলে যাওয়া বিশ্ব পরিস্থিতিতে পুলিশের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারি বিনিয়োগকে জননিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পুলিশ সপ্তাহ প্রতিটি পুলিশ সদস্যের জন্য জনগণের বিশ্বস্ত বন্ধু হওয়ার প্রতিশ্রুতি নবায়নের একটি অনুপ্রেরণাদায়ক উপলক্ষ হয়ে উঠুক।
উল্লেখ্য, “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে এবারের পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে পর্যন্ত চলবে। এ উপলক্ষে পুলিশ সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, আইজি’জ ব্যাজ ও শিল্ড প্যারেড, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হবে।
