শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম সমাচার ডেস্ক ১৩ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নোয়াখালী জেলা শহরের টাউন হল মোড়ে শহীদ মিনারের পাশের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার (১৩ জুন) ভোর রাতে ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন যুবককে স্মৃতিস্তম্ভে আগুন দিতে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও শোনা যায়। ভিডিওটির সত্যতা আইনশৃঙ্খলা বাহিনী যাচাই করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোররাতে তিন থেকে চারজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করেন।

এ ঘটনায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে সকালে সুধারাম মডেল থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ, ভিডিওচিত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নাশকতার ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...