বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানকে সমর্থন

প্রথম সমাচার ডেস্ক ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। সাক্ষাৎকালে তিনি এ সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক পরিসরে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা বাড়লে উভয় দেশের জনগণ উপকৃত হবে।

এ সময় আলজেরিয়ার রাষ্ট্রদূতও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার দেশের দৃঢ় আগ্রহের কথা তুলে ধরেন। সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি করে দুই দেশের সহযোগিতার পরিসর আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...