ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ মাহাবুবুর রহমান।
বৈঠকে কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।
সভায় বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১–এর আওতায় প্রতিষ্ঠানটির সঙ্গে জাতীয় সংসদ লাইব্রেরিকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে আইন ও বিধি অনুযায়ী এর কার্যক্রম পরিচালনার পরিকল্পনা মূল কমিটির কাছে উপস্থাপনের বিষয়েও মতবিনিময় করা হয়।
এছাড়া এশিয়া ও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের পার্লামেন্টারি ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বিআইপিএসের তুলনামূলক চিত্র পর্যালোচনার বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিআইপিএসের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করতে প্রতিষ্ঠানটির আইন সংশোধন, সংযোজন ও পরিমার্জনের সুপারিশ করা হয়। প্রয়োজনীয় পরিবর্তন শেষে বিষয়টি লাইব্রেরি কমিটিতে উপস্থাপনের পরামর্শও দেওয়া হয়।
এ সময় বিআইপিএসের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং রেক্টর নিয়োগের উদ্যোগ গ্রহণে মূল কমিটিকে পরামর্শ দেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়–এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
