বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রথম সমাচার ডেস্ক ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ও সময় চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টার এই পরীক্ষায় এবার প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী অংশ নেবেন। সারাদেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে অবস্থিত মোট ১৩৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

​ভর্তিচ্ছুদের জন্য প্রবেশপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে আগামী ১১ এপ্রিল থেকে। আবেদন নিশ্চয়ন করা হয়েছে এমন শিক্ষার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে এটি ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটের ‘অ্যাপ্লিকেন্ট লগইন’ অপশনে গিয়ে আবেদন আইডি ও পিন নম্বর ব্যবহার করে অথবা ‘অ্যাডমিট কার্ড ডাউনলোড’ অপশন থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

​পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার দিন অবশ্যই সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে।

প্রতিটি শিক্ষার্থীকে সাথে করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে। এছাড়া আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য পরীক্ষার অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট কলেজের নোটিশ বোর্ড বা ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, কেন্দ্র তালিকা ও আনুষঙ্গিক অন্যান্য নির্দেশনাগুলো পর্যায়ক্রমে কলেজগুলোকে জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্রে দেওয়া সকল নিয়মকানুন যথাযথভাবে মেনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...