প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষতা-নির্ভর ও শিশু-কেন্দ্রিক করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে জাপানের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার জন্য নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নাগরিক শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আনন্দময় ও চ্যালেঞ্জভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জাপানের নাগরিক শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা এবং নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে বাংলাদেশ জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, গণিত শিক্ষাকে আরও আকর্ষণীয়, ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর করতে বিজ্ঞানাগারের আদলে এসব ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এ ক্ষেত্রে জাইকার কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রাথমিক শিক্ষা খাতে প্রশাসনিক সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি জানান, বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন কাঠামো পর্যালোচনা করছে। মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোর দায়িত্ব বণ্টন, জবাবদিহিতা, কর্মদক্ষতা মূল্যায়ন (কেপিআই) এবং মনিটরিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাইকা প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তারা কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং শিশু-বান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তোলার বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোখলেছুর রহমান, যুগ্মসচিব (পরিকল্পনা) মো. ছাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসানসহ মন্ত্রণালয় ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
