রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বহিষ্কার

প্রথম সমাচার ডেস্ক ১৯ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার একদিনের মাথায় সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন। সোমবার (১৮ মে) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের নির্দেশনা এবং জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যরা জানান, বিষয়টি কেন্দ্রীয় কাউন্সিলকেও অবহিত করা হয়েছে।

এর আগে শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যুব ও সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। অনুষ্ঠানে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। এসময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান শেষে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, “আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

সূত্র: এশিয়া পোস্ট।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...