শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

জামিন নামঞ্জুর, সাবেক আওয়ামী লীগের এমপি রুহি কারাগারে

Icon প্রথম সমাচার ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

আসামির পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, “তিনি (রুহি) দুইবারের সাবেক সংসদ সদস্য। প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সাবেক ভিপি। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা নেই। সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অসুস্থ, হার্টের রোগী। যে কোনো শর্তে জামিন চাচ্ছি।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনের হত্যা মামলা। আসামি ফ্যাসিস্ট হাসিনার একজন সংসদ সদস্য। ভিকটিম গুলিতে নিহত হয়েছেন। তার জামিন নামঞ্জুরের প্রার্থণা করছি।”

শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আদালত রুহিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের গলিতে বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হন রাজু। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৭ অগাস্ট মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com