জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্তের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রোববার রাতে তিনি দেশে ফিরেছেন—এমন গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তার উপস্থিতি নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, রোববার বিকেলে নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহের আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর এক ব্যক্তির সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান বলেও জানা গেছে। তবে তার ব্যক্তিগত ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এর আগে রোববার দুপুরে আলভী জানিয়েছিলেন, শুটিং শেষে নেপাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকায় ফিরবেন এবং দেশে ফিরে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিন্তু দেশে ফিরেছেন কি না—এ নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, এভাবে আড়ালে থাকলে পরিস্থিতি তার জন্য জটিল হয়ে উঠতে পারে। তাদের মতে, ইকরার মৃত্যুর আগে কী ঘটেছিল সে বিষয়ে পরিষ্কার বক্তব্য দেওয়া প্রয়োজন।
ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী ও শাশুড়ি নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আলভীর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার এজাহারের কপি বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছেও পাঠানো হয়েছে। অভিযুক্ত দেশের বাইরে থাকলে যাতে দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, কখনো শোনা যাচ্ছে আলভী দেশে ফিরেছেন, আবার কখনো বলা হচ্ছে তিনি আসেননি। এ পরিস্থিতিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তার অবস্থান নিশ্চিতের চেষ্টা অব্যাহত আছে।
