সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Logo
×

জিয়া হলের সয়েল টেস্টে হামলা, শ্রমিককে কুপিয়ে আহত

Icon প্রথম সমাচার ডেস্ক

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে সয়েল টেস্ট চলাকালে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইমন নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলাকারীরা শ্রমিকদের মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মালপত্র নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহীদ জিয়া হল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, জাইকার (জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা) অর্থায়নে শহীদ জিয়া হলের নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে বুধবার সকালে সেখানে সয়েল টেস্টের কাজ শুরু হয়। এ সময় কয়েকজন সেখানে গিয়ে শ্রমিকদের হুমকি ও ভয়ভীতি দেখায়। তবে হুমকি উপেক্ষা করে শ্রমিকরা কাজ চালিয়ে যান।

পরে রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা খাবার খেতে গেলে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা রাইফেলস ক্লাবের ভেতর দিয়ে জিয়া হল এলাকায় প্রবেশ করে শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ইমন নামে এক শ্রমিক দুই হামলাকারীকে আটকানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এতে তার দুই হাত গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের খোঁজখবর নেন। তিনি বলেন, জিয়া হলের নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে সয়েল টেস্ট চলছিল। সেখানে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন ও মালামাল নিয়ে যাওয়া হয়েছে এবং একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি পুলিশের প্রতি আহ্বান জানান।

এদিকে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাসেম শকু জানান, শ্রমিকরা খাবার খেতে গেলে হামলাকারীরা রাইফেলস ক্লাবের ভেতর দিয়ে জিয়া হল এলাকায় প্রবেশ করে। পরে তারা শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। এ সময় ইমন হামলাকারীদের আটকানোর চেষ্টা করলে তাকে কুপিয়ে আহত করা হয়।

খানপুর ৫০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আহতদের মধ্যে ইমন নামে এক শ্রমিকের দুই হাতে সেলাই দিতে হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আহত শ্রমিকরা থানায় আসে। মামলা করার প্রক্রিয়া চলছে। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com