শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

জুলাই গণঅভ্যুত্থানের সময় ৬ বিক্ষোভকারীকে পোড়ানো সেই পুলিশ ভ্যান উদ্ধার

Icon প্রথম সমাচার ডেস্ক

পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় কয়েকজনকে দোষী সাব্যস্ত করে। তবে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত ভ্যানটি প্রায় দুই বছর ধরে একটি ডাম্পিং এলাকায় পড়ে ছিল।

ভ্যানটি উদ্ধারের পর জুলাই গণঅভ্যুত্থানের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে—এ ধরনের গুরুত্বপূর্ণ মামলার আলামত এতদিন কেন নিরাপদ ও সংরক্ষিত স্থানে রাখা হয়নি। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের (জেআরএ) সদস্যরা জানান, বৃহস্পতিবার ভ্যানটি ওই স্থান থেকে সরানোর খবর পেয়ে তারা সেখানে যান।

জেআরএর সভাপতি সালেহ মাহমুদ রায়হান বলেন, ভ্যানটি গুরুত্বপূর্ণ একটি আলামত হলেও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় ইতোমধ্যে রায় দিয়েছেন। অথচ এত গুরুত্বপূর্ণ একটি আলামত দুই বছর ধরে এভাবে পড়ে ছিল।”

জেআরএর দাবি, তাদের সদস্যরা ভ্যানটি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করেন। তারা ভ্যানের কাছ থেকে পোড়া হাড়, একটি চাবির রিংসহ আরও কিছু সামগ্রী উদ্ধার করেছেন, যেগুলো সম্ভাব্য আলামত হতে পারে। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করে, ভ্যানটি ভেঙে ফেলা বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তারা দ্রুত এটি জুলাই জাদুঘরে সংরক্ষণের দাবি জানায়।

তবে ভ্যানটি ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছিল—এমন দাবি অস্বীকার করেছে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, থানায় মামলার আলামত রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় ভ্যানটি ব্যক্তিমালিকানাধীন জমিতে রাখা হয়েছিল।

তিনি বলেন, “থানায় নিজস্ব জায়গা না থাকায় এটি ব্যক্তিমালিকানাধীন জমিতে রাখা হয়েছিল। জমির মালিক জায়গাটি ফেরত নেওয়ায় আলামতগুলো আমাদের নিজস্ব স্থাপনা, কবিরপুরে সরিয়ে নেওয়া হচ্ছিল।” পুলিশের ভাষ্য, ভ্যানটি ধ্বংস করার জন্য নয়, বরং জমির মালিকানা-সংক্রান্ত কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।

এখন প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ভ্যানটি জুলাই গণঅভ্যুত্থানের স্মারক হিসেবে সংরক্ষণ ও প্রদর্শনের পরিকল্পনা করছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com