জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জ্বালানি তেলের অযৌক্তিক ও গণবিরোধী বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে খাতের অব্যবস্থাপনা ও লুটপাটের দায় চাপানোর নীতি জনগণ মেনে নেবে না।
তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, পরিবহন ও কৃষিখাতে সংকট আরও তীব্র হচ্ছে। এর দায় সরকারকেই নিতে হবে।
বক্তারা আরও বলেন, দ্রুত জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লাগাতার গণআন্দোলন গড়ে তোলা হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কোনো আপস করা হবে না।
চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, ডা. মোহাম্মদ খান ও সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরীসহ নেতাকর্মীরা।
সমাবেশ শেষে জামালখান প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জামালখান মোড় প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। এতে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি