ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে দশটার দিকে ঝিনাইদহ জেলা কারাগারের দরজা থেকে বেরিয়ে আসেন তিনি।
এদিন সকাল দশটায় আসামিপক্ষের আইনজীবীরা ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রেজার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারক তার জামিন মঞ্জুর করেন।
তবে একই মামলায় গ্রেপ্তার ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন, ফলে তিনি এখনো কারাগারেই রয়েছেন।
এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা পুলিশ তারেক রেজা ও অয়ন রহমান খানকে স্থানীয় একটি আদালতে হাজির করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার রাত সাড়ে দশটায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এক জরুরি সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
