যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা তৎপরতায় রূপ নিয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিতব্য এই ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই।
দ্য ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো স্টেডিয়ামের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। এফ-১৬ যুদ্ধবিমান সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং আশপাশের ভবনের ছাদে মোতায়েন করা হয়েছে স্নাইপার দল। এর পাশাপাশি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (এফবিআই) হাজার হাজার ফেডারেল ও স্থানীয় নিরাপত্তা কর্মী মাঠে নামানো হয়েছে।
নিরাপত্তা সংস্থাগুলো এই আয়োজনের নিরাপত্তা শ্রেণিবিন্যাস সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে—যুক্তরাষ্ট্রে বিশেষ আয়োজনের জন্য নির্ধারিত সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা ব্যবস্থা এটি।
কর্তৃপক্ষ ম্যাচ চলাকালে স্টেডিয়ামে প্রবেশে দর্শকদের দীর্ঘ জটলা ও বিলম্বের আশঙ্কা করছে, তাই দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।
হোয়াইট হাউস ও ফিফার মধ্যে গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি বলেন, এই নিরাপত্তা আয়োজনের ব্যাপ্তি যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের ফাইনালের চেয়েও বড়, এমনকি এটি প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান বা “স্টেট অব দ্য ইউনিয়ন” ভাষণের নিরাপত্তা ব্যবস্থার সমতুল্য।
