কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেছেন, ইরান ও ইসরায়েলি হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো তাঁর ‘মরিয়া ভাব’ ফুটিয়ে তুলছে।
আল জাজিরাকে পারসি বলেন, “এটা খুবই স্পষ্ট যে ট্রাম্প তাঁর নিজের ইচ্ছায় শুরু করা এই যুদ্ধের পক্ষে এমন কোনো যুক্তি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন, যা আসলে তাঁর সমর্থকদের (Base) কাছে গ্রহণযোগ্য হবে। যদি এটি আরও এক বা দুই সপ্তাহ স্থায়ী হয়, তবে এটি একটি রাজনৈতিক বিপর্যয়ে পরিণত হতে যাচ্ছে। তাই এখন তিনি হঠাৎ করেই মরিয়া হয়ে সব ধরণের অজুহাত বা যুক্তি ব্যবহার করছেন।”
এর আগে গত রবিবার ট্রাম্প ‘ডেইলি মেইল’ পত্রিকাকে বলেছিলেন যে, ইরানের সাথে এই সংঘাত চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে। পারসি মনে করেন, যুক্তরাষ্ট্রে এই লড়াইয়ের প্রতি জনসমর্থনের অভাব থাকা সত্ত্বেও তেহরানকে একটি শক্ত বার্তা দেওয়ার উদ্দেশ্যে তিনি সম্ভবত এই মন্তব্য করেছেন।
পারসি আরও বলেন, “তিনি [ট্রাম্প] ইতিমধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তেহরানের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু ইরানীরা তা প্রত্যাখ্যান করেছে। আমার মনে হয় ট্রাম্প এখন বুঝতে পারছেন যে, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য তাঁর এই অতি-উৎসাহ আসলে নিজের দুর্বলতা হিসেবে প্রকাশ পেয়েছে। ইরানীরা এখন এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং তারা ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হবে না, যতক্ষণ না তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য কোনো ক্ষতির মুখে ফেলতে পারছে।”
