বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Logo
×

ট্রাম্প শান্তিপ্রিয় মানুষ হলেও ইরান ভুল পথ থেকে সরে না আসলে অবরোধ অনির্দিষ্টকাল থাকতে পারে: ট্রাম্পের উপদেষ্টা

আন্তর্জাতিক প্রথম সমাচার ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরুদ্ধ করে রাখতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলার বলেন যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চলমান এই নৌ-অবরোধ অনির্দিষ্টকাল পর্যন্ত চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের অর্থনীতিকে স্থবির করে দেওয়ার লক্ষ্যে দেশটির বন্দরগুলোতে এই নৌ-অবরোধ আরোপ করেন।

মিলার ফক্স নিউজকে জানান, ট্রাম্প একজন শান্তিকামী মানুষ হলেও তিনি মার্কিন অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কখনো কারো দ্বারা ভীত হবে না এবং ইরানকে কখনোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া হবে না।

মিলার আরও উল্লেখ করেন যে একটি সামরিক অভিযান ইরানের জ্বালানি অবকাঠামোকে কয়েক প্রজন্মের জন্য ধ্বংস করে দিতে পারে, তবে ট্রাম্প তেমন কিছু করতে চান না। বরং তিনি চান ইরান সঠিক পথ বেছে নিয়ে একটি চুক্তিতে আসুক।

তিনি স্পষ্ট করে বলেন, এই নিষেধাজ্ঞা ইরান সরকারের অর্থনৈতিক প্রাণশক্তি শুষে নিচ্ছে এবং ইরান যদি ভুল পথে চলা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল এই অবরোধ বজায় রাখবে।

খবর আল-জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...