সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

প্রথম সমাচার ডেস্ক ১২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

 

ঢাকা টেস্টে নাহিদ রানার ৫ উইকেটের সুবাদে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ১০১ ও ৮৭ রানের ইনিংস খেলেম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকের পর ২য় অধিনায়ক হিসেবে ৭ টেস্ট জিতলেন শান্ত। এর আগে মুশফিক ৩৪ ম্যাচে ৭ জয় পেলেও শান্ত মাত্র ১৭ টেস্টেই ৭ জয় পেয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪১৩ রান করে। শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩ ও তাসকিন ২৮ রান করেন। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অভিষেকেই সেঞ্চুরী করেন আজান ওয়াইজ। ১০৩ রান করেন তিনি। এছাড়া আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ৬০ রান করেন। ইমাম উল হক ৪৫, আগা সালমান ৫৮ ও রিজোয়ান ৫৯ রান করেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ৫ উইকেট শিকার করেন। তাইজুল ২, তাসকিন ২ ও নাহিদ রানা ১ উইকেট শিকার করেন। এটি মিরাজের ১৪তম ৫ উইকেট শিকার।

নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেট ২৪০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ৮৭ রান করেন নাজমুল শান্ত। ৫৬ রান করেন মোমিনুল হক সৌরভ। মিরাজ ২৪ রান করেন। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন হাসান আলী ও নোমান আলী।

২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ম্যাচে অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলের ৬৬ রানের সুবাদে আশা জাগালেও তাইজুল ও নাহিদ রানার বোলিং তোপে পড়ে মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে ১০৪ রানে পরাজয়বরণ করে পাকিস্তান। নাহিদ রানা ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাইজুল ২, তাসকিন ২ ও মিরাজ ১ উইকেট শিকার করেন।

ম্যাচে মিরাজ ও নাহিদ রানা দারুণ বোলিং করলেও প্রথম ইনিংসে ১০১ রানের ইনিংস খেলার পর ২য় ইনিংসে ৮৭ রান করে ম্যাচসেরা হয়েছেন নাজমুল শান্ত।

এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা ৩য় টেস্ট জয়। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টানা ২ টেস্ট জিতেছিল বাংলাদেশ। ঢাকা টেস্টে জয়ের ফলে ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...