বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক

প্রথম সমাচার ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

এর আগে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেন ইশরাক হোসেন। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ইশরাক হোসেন মামলা করেন।

গত বছর গত ২৭ মার্চ শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে বাতিল করা হয়। বিএনপির মেয়র প্রার্থী ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়।

ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে অন্তর্বর্তী সরকার ইশরাককে শপথ না পড়ানোয় গত ১৪ মে থেকে টানা ৪০ দিন আন্দোলন শুরু করেন ইশরাকের সমর্থকরা।

উল্লেখ্য, ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র এবং বিএনপির প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে প্রকৌশল বিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...