ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
ঢাবির জনসংযোগ দপ্তর মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায়, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পাস করা এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর বয়সি শিক্ষার্থীরা যারা নির্ধারিত শর্তগুলো পূরণ করবে, কেবল তারা জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তি প্রার্থীরা ১২ মার্চ ২০২৬ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত ঢাবির ভর্তি ওয়েবসাইট –এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১,০৫০ টাকা। এটি চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যে কোনো শাখা থেকে অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দেওয়া যাবে।
জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে এশিয়া পোস্ট ভর্তির যোগ্যতা ও শর্তাবলি
- প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে
- গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল বা অনূর্ধ্ব-২৩/২০/১৯/১৭/১৬ দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে
- ব্যক্তিগত ক্রীড়ায় জাতীয় র্যাংকিং অনুযায়ী ১ থেকে ৫-এর মধ্যে থাকতে হবে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা)
- ক-গ ধারা অনুযায়ী খেলোয়াড়ের বয়স ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে
উল্লেখ্য, খেলোয়াড় হিসেবে আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার আয়োজন সংশ্লিষ্ট ইউনিটের প্রধানরা করবেন।
