বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং যুব বিনিময় কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক কূটনৈতিক যোগাযোগ জোরদারের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
শনিবার এক বিবৃতিতে এনসিপি জানায়, বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জুলাই বিপ্লবে এনসিপি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের অভিনন্দন জানান।
এ সময় এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের তরুণদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম জোরদারে একটি কার্যকর যুব বিনিময় কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর এবং রাফে সালমান রিফাত উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠক ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।
