ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সুপ্রিম লিডার কার্যালয় কম্পাউন্ডে ভয়াবহ হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করার সময় হামলার শিকার হন এবং সেখানেই নিহত হয়েছেন।
ঘটনার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমের নজর পড়ে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত লিডারশিপ হাউজ কম্পাউন্ডে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই জানায়, ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। ধ্বংসস্তূপ, পোড়া অবকাঠামো এবং আংশিকভাবে বিধ্বস্ত ছাদ থেকে বোঝা যায়, হামলাটি ছিল লক্ষ্যভিত্তিক ও শক্তিশালী বিস্ফোরক ব্যবহৃত।
তবে ঘটনাকে ঘিরে তথ্য-উপাত্তে দেখা দিয়েছে ভিন্নমুখী ব্যাখ্যা। ইসলামিক রেভল্যুউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলেছে, নিজ কার্যালয়ে খামেনির উপস্থিতি এবং সেখানে তার মৃত্যুর দাবি প্রমাণ করে যে তিনি আত্মগোপনে আছেন—এমন খবর ছিল ‘শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ’। তাদের ভাষ্য অনুযায়ী, বিভ্রান্তি ছড়াতে আগে থেকেই বিভিন্ন গুজব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছিল।
সরকারি পর্যায়ে এখনো বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। হামলার ধরন, সম্ভাব্য হামলাকারী কিংবা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না—এসব প্রশ্নের উত্তর মেলেনি। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সুপ্রিম লিডার পদটি দেশটির রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে সর্বোচ্চ কর্তৃত্ব বহন করে। ফলে এ ধরনের ঘটনা শুধু নেতৃত্ব সংকট নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্নও উত্থাপন করতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: আল জাজিরা
