শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের আল্টিমেটামে ভোলা ছাড়লেন কুতুববাগী পীর

Icon প্রথম সমাচার ডেস্ক

তৌহিদী জনতা ও স্থানীয় ওলামায়ে কেরামের তীব্র প্রতিবাদ ও আল্টিমেটামের মুখে ভোলা ছাড়তে বাধ্য হয়েছেন কুতুববাগী পীর সৈয়দ জাকির শাহ।

প্রশাসনের সহায়তায় আজ মঙ্গলবার বিকেলে তিনি ভোলা ত্যাগ করেন।

জানা যায়, গত ৫ অক্টোবর ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নে কুতুববাগী পীর একটি কর্মসূচিতে অংশ নেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ তৌহিদী জনতার মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় ৬ অক্টোবর কুতুববাগী পীরের সব কার্যক্রম স্থগিত ও তাকে অবিলম্বে ভোলা ছাড়ার দাবিতে ভোলা খলিফা জামে মসজিদে একত্রিত হন ধর্মপ্রাণ মানুষ ও ওলামায়ে কেরাম।

সেখান থেকে কুতুববাগী পীরকে বিকেল ৪টার মধ্যে ভোলা ছাড়ার সময়সীমা (আল্টিমেটাম) দেওয়া হয়। অন্যথায় আসরের পর তার অবস্থান ঘেরাও করে তাকে ভোলা ছাড়তে বাধ্য করার হুঁশিয়ারি ও কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ বিকেল ৪টার পর তৌহিদী জনতা ও ওলামায়ে কেরাম নিজাম হাসিনা মসজিদের সামনে জড়ো হন। এ সময় কর্মসূচির আহ্বায়ক ও ভোলা রতনপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মিজানুর রহমান উপস্থিত জনতাকে জানান, আল্টিমেটামের নির্ধারিত সময়ের আগেই কুতুববাগী পীর ভোলা ত্যাগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের আশ্বস্ত করেছেন যেন ভোলায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের হেফাজতে তাকে নিরাপদে লঞ্চে তুলে দেওয়া হয়েছে।

প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে মাওলানা মিজান আরও বলেন, “জনগণের অনুভূতির বিষয়টি বুঝতে পারায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম বলেন, ইসলাম ধর্মের প্রশ্নে দল-মত নির্বিশেষে আমরা সবাই এক। মানুষের ঈমান ও ধর্মীয় অনুভূতি নিয়ে ছিনিমিনি খেললে কারো সাথেই আপস করা হবে না।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com