ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাসহ অন্তত ১৫০ জনকে আটক করেছে তারা। খবর রেডিফের।
শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসের সেন্ট্রাল পার্কের বাইরে আম আদমি পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভকারীরা পদযাত্রা বের করলে উত্তেজনার সৃষ্টি হয়। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভারতের নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মান্ডি হাউসের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) ও বাম দলগুলোর কর্মীরা।
বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের ভূমিকা এবং এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল করেন। প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি না থাকা, কনট প্লেসের মতো সংরক্ষিত এলাকা এবং বড় ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি উল্লেখ করে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৬ হাজারেরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়।
প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই পুলিশি তৎপরতায় বেশ কয়েকজন প্রথমসারির আন্দোলনকারীকে হেফাজতে নেয়া হয়। এনসিপি-এসসিপি মুখপাত্র আনিশ গাওয়ান্ডের বাসভবন থেকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে-কে আটক করে দিল্লি পুলিশ। গ্রেপ্তারের সময় এক পুলিশ কর্মকর্তা তাকে উদ্দেশ বলেন, ‘আপনাকে প্রতিরোধমূলক হেফাজতে নেয়া হচ্ছে। কনট প্লেসে ১৬৩ ধারা জারি রয়েছে। আপনাকে আটক করা হচ্ছে।’
এর আগেও দিল্লিতে সিজেপি ও বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। পরে অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভকারীদের ছেড়েও দেয়া হয়। এবারও একই প্রক্রিয়ায় আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেয়া হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান