শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

দেড় বছরে বিদেশে চিকিৎসায় ৭৯ লাখ টাকার সরকারি বিল নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

প্রথম সমাচার ডেস্ক ২৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

 

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে বিদেশে চিকিৎসা বাবদ সরকারি কোষাগার থেকে ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকা নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, উপদেষ্টাদের মধ্যে চিকিৎসা ব্যয়ের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ অঙ্ক।

তালিকার শীর্ষে রয়েছেন সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বিদেশে চিকিৎসার জন্য তিনি সরকারি কোষাগার থেকে ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা গ্রহণ করেছেন।

এছাড়া সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিয়েছেন ৮ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ৭ লাখ ১৫ হাজার ৬৪৯ টাকা, সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান ৫ লাখ ৩৯ হাজার ৯৩৫ টাকা, সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফ ২ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা, সাবেক শিক্ষা উপদেষ্টা ড. এম. আমিনুল ইসলাম ২ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১ লাখ ৭০ হাজার ১৩৪ টাকা চিকিৎসা ব্যয় হিসেবে নিয়েছেন।

জানা যায়, ড. সালেহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, দায়িত্ব পালনকালে তার শারীরিক জটিলতা দেখা দেয়, যা দেশে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে সরকারি অনুমোদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তিনি সিঙ্গাপুরে তিন দফায় চিকিৎসা গ্রহণ করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...