জিম্বাবুয়ে-বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরে গেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ, তবে সেই সিদ্ধান্ত কাজে আসেনি।
নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ১১১ রানের ইনিংস খেলেন ওপেনার বেন কারান, যিনি ১৩৫ বল মোকাবিলা করে নয়টি চারের সাহায্যে এই সংগ্রহ গড়েন। নিচের দিকে নেমে ঝড় তোলেন ব্র্যাড ইভান্স, মাত্র ৩৮ বলে পাঁচ ছক্কা ও দুই চারের মারে অপরাজিত ৫৮ রান করেন তিনি, যা জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় পুরো দল। তানজিদ হাসান তামিম ৫৭ ও তাওহীদ হৃদয় ৬০ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া নুরুল হাসান সোহান ৩৮ ও মিরাজ ২৭ রান করেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা তিনটি উইকেট শিকার করেন, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স নেন দুটি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে সিরিজও জয় জিম্বাবুয়ের।
