শুক্রবার (৬ মার্চ) এক ঘোষণার মাধ্যমে দেশের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্য বিশিষ্ট আংশিক ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধান। গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় এক আলোচনা সভার মাধ্যমে যাত্রা শুরু করা এই সংগঠনটি তাদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এই কমিটির তালিকা প্রকাশ করেছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
সংগঠনটি মনে করে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ প্রয়োজন। বিশেষ করে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের যে স্বপ্ন ও প্রত্যাশা বর্তমান প্রেক্ষাপটে ম্লান হতে বসেছে, তা পুনরুদ্ধার করাই এই কমিটির অন্যতম মূল উদ্দেশ্য। নতুন এই কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা করছে।
কমিটির সভাপতি মাহফুজ আলম এ প্রসঙ্গে জানান যে, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ পরিবর্তন করাই তাদের লক্ষ্য। অলটারনেটিভস নতুন দৃষ্টিভঙ্গি ও সমাজের সব শ্রেণির মানুষকে একত্রিত করে একটি টেকসই সাংগঠনিক কাঠামো তৈরিতে কাজ করবে। আগামী কয়েক মাস তারা দেশব্যাপী জনসংযোগ ও সফরের মাধ্যমে স্থানীয় স্তরে নিজেদের কার্যক্রম আরও বেগবান করার প্রস্তুতি নিচ্ছে।
