প্রথম সমাচার ডেস্ক:
১৬টি নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম। একসময় এসব নদীতে জাল ফেললেই ধরা পড়ত দেশীয় নানা প্রজাতির মাছ। সেই মাছের তালিকায় ছিল সুস্বাদু বৈরালি। স্থানীয় মানুষের কাছে বেশ জনপ্রিয় এই মাছের চাহিদা এখনও রয়েছে। তবে নদ-নদীতে আগের মতো মিলছে না বৈরালি। বাজারে পাওয়া গেলেও আকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়।
স্থানীয় জেলে ও নদীপারের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে একসময় বৈরালি মাছ বেশি পাওয়া যেত। কিন্তু কয়েক বছর ধরে মাছটির প্রাপ্যতা কমছে। নদীতে পানির প্রবাহ কমে যাওয়া, আবাসস্থলের পরিবর্তন, পানিদূষণ এবং কারেন্ট জাল ও বিদ্যুতের শক দিয়ে মাছ ধরার মতো ক্ষতিকর পদ্ধতির কারণে বৈরালির অস্তিত্ব নিয়ে উদ্বেগ বাড়ছে।
কুড়িগ্রামের ধরলা নদীপারের বাসিন্দা সুলতানা আলী বলেন, আগে নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যেত। মাছগুলোর স্বাদও ছিল ভালো। এর মধ্যে বৈরালি মাছ ছিল অন্যতম সুস্বাদু। এখন আর তেমন দেখা যায় না। খেতে ইচ্ছে করলেও সহজে পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম অনেক বেশি, আগের মতো স্বাদও নেই।
একই এলাকার বাসিন্দা কয়সার আলী বলেন, এমনিতেই নদীতে পানি নেই। তার ওপর কারেন্ট জাল ও বিদ্যুতের শক দিয়ে মাছ ধরার কারণে বড় মাছের সঙ্গে ছোট পোনাও মারা যাচ্ছে। এই পোনাগুলো বড় হয়ে বৈরালিসহ বিভিন্ন প্রজাতির মাছ হতো। এভাবে মাছ ধরা বন্ধ না হলে একসময় নদী থেকে মাছ উধাও হয়ে যাবে।
জানা গেছে, বৈরালির বৈজ্ঞানিক নাম বারিলিয়াস বারিলা। এটি সাইপ্রিনিডি পরিবারের স্বাদুপানির মাছ। সাধারণত পাহাড়ি ঝরনা, পাহাড়ের পাদদেশের অগভীর নদী এবং স্বচ্ছ ও স্রোতযুক্ত পানিতে এ মাছের বসবাস। বৈরালির দেহ লম্বাটে ও সরু।
উলিপুর উপজেলার হাতিয়া জেলেপাড়ার জেলে মন্তোষ দাস, শুকেরু দাস ও গজেন দাসসহ কয়েকজন জানান, দিনের বেলায় বৈরালি সাধারণত গভীর পানিতে থাকে। বিকেল থেকে সন্ধ্যা কিংবা রাতে নদীর কিনারার ওপরের স্তরে চলে আসে। এ সময় ছোট ফাঁসের জালে মাছটি বেশি ধরা পড়ে। ভোররাতেও বৈরালির দেখা মেলে।
এদিকে প্রাকৃতিক জলাশয়ে বৈরালির প্রাপ্যতা কমলেও কৃত্রিম প্রজনন ও চাষের মাধ্যমে মাছটির উৎপাদন বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মৎস্যচাষিরা।
রাজারহাট উপজেলার নাজিমখাঁন এলাকার মৎস্যচাষি সিরাজুল ইসলাম বলেন, কৃত্রিম প্রজননের মাধ্যমে বৈরালির পোনা উৎপাদন ও চাষের পদ্ধতি আরও সহজলভ্য করা গেলে অনেক মৎস্যচাষি এ মাছ চাষে আগ্রহী হবেন।
সূত্র বলছে, ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত রংপুর ও নীলফামারী অঞ্চলের তিস্তা নদীতে পরিচালিত এক গবেষণায় ১৭টি পরিবার ও ১০টি বর্গের মোট ৪৫ প্রজাতির মাছের সন্ধান পান গবেষকেরা।
২০২১ সালের ডিসেম্বরে সৈয়দপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্রের বিজ্ঞানীরা বৈরালির কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের কথা জানান। পরে ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রংপুর বিভাগের ছয়টি উপজেলার মৌসুমি পুকুরে মাছটির মিশ্র চাষের সম্ভাবনা যাচাই করা হয়। ওই গবেষণায় প্রতি শতক পুকুরে ৬০০টি পোনা অবমুক্ত করে ১৫০ দিনে বৈরালির গড় ওজন পাওয়া যায় ১৬ দশমিক ৪ গ্রাম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বৈরালির মতো দেশীয় মাছের প্রাপ্যতা বাড়াতে হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও আবাসস্থল রক্ষা, পানিদূষণ নিয়ন্ত্রণ এবং কারেন্ট জাল ও বিদ্যুতের শক দিয়ে মাছ ধরা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কৃত্রিম প্রজনন ও চাষের প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গেলে মাছটির উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের প্রভাষক মো. আহসানুল হক বলেন, কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে আগের তুলনায় বৈরালির প্রাপ্যতা কমেছে। মাছটির স্বাভাবিক প্রজননের জন্য পানির স্বচ্ছতা ও স্রোত থাকা জরুরি। কিন্তু নদীর নাব্যতা সংকট, ভরাট ও দূষণের কারণে মাছটি আবাসস্থল পরিবর্তন করছে। পাশাপাশি স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় আগের মতো বৈরালি পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ থেকে বৈরালির পুষ্টিগুণ ঋতুভেদে পরিবর্তিত হয় কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকায় গবেষণার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এরপরও কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদ-নদী এবং মৎস্যসম্পদ নিয়ে কাজ চলছে।
সূত্র: মূল প্রতিবেদন
