বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

নববর্ষের শোভাযাত্রায় নতুন নাম, ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা

প্রথম সমাচার ডেস্ক ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে দীর্ঘদিনের নাম বিতর্কের অবসান ঘটিয়ে এবার শোভাযাত্রার নতুন নাম নির্ধারণ করেছে সরকার। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ নয়—এবার থেকে এ আয়োজনের নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

রোববার সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে, যা উৎসবের মূল চেতনাকে ক্ষুণ্ন করছে। তিনি জোর দিয়ে বলেন, সরকার কোনো বিভাজন নয়, বরং বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যেই নতুন নাম নির্ধারণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে।

তিনি আরও জানান, এবারের নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও দায়িত্ব পালন করবে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথম এ শোভাযাত্রার আয়োজন করে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে। পরবর্তীতে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিতি পায় এবং সময়ের সঙ্গে এটি সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে।

আন্তর্জাতিক অঙ্গনেও এই আয়োজন স্বীকৃতি পেয়েছে। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো একে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নাম পরিবর্তন নিয়ে ভিন্নমত দেখা দেয়, যা নিয়ে সমাজে বিতর্ক তৈরি হয়।

এই প্রেক্ষাপটে সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে সরকার ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে একটি সমন্বিত ও নিরপেক্ষ পরিচিতি নির্ধারণ করেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...