শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

নাঈম হাসানকে পুলিশি হয়রানি: বিসিবির কঠোর অবস্থান, পাশে থাকার আশ্বাস তামিমের

প্রথম সমাচার ডেস্ক ১৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া পুলিশি হয়রানির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘটনাটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তামিম জানান, ঘটনার পরপরই নাঈম হাসান তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হন তিনি এবং বোর্ডের অন্যান্য পরিচালকরা।

তামিম বলেন, নাঈমের ফোন পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে ক্রিকেটার ও তার পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা পান।

তিনি আরও জানান, বিসিবির পক্ষ থেকে ইতোমধ্যে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিসিবি সভাপতির ভাষ্য, জাতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে বোর্ড সবসময় সচেতন এবং নাঈম হাসানসহ দেশের সব ক্রিকেটারের পাশে রয়েছে।

এর আগে জাতীয় দলের এই স্পিনারকে পুলিশি হয়রানির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...