রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

নাগরিকের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যর্থ: আরিফুল ইসলাম আদিব

প্রথম সমাচার ডেস্ক ১৪ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাজধানীতে আয়োজিত এক মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেন, সারাদেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়ে গেছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর তেজগাঁও জোন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার, দুর্বল টিকাদান ব্যবস্থা, আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিক নিরাপত্তাহীনতার’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে আরিফুল ইসলাম আদিব বলেন, দেশে শিশু মৃত্যুর হার বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁর ভাষ্য, একে অপরের ওপর দায় চাপিয়ে নয়, বরং সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি গাজীপুরে পাঁচজনকে হত্যার ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের বিস্তার এবং বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির অভিযোগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি সীমান্ত হত্যা বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

এ সময় গুম প্রতিরোধ কমিশনের সদস্য মোহাম্মদ কাইয়ুমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। বক্তারা শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, কার্যকর টিকাদান ব্যবস্থা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব মাহিন তালুকদার ও ওহিদুজ্জামান সুমন, জাতীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান, তৌফিক নিয়াজসহ তেজগাঁও জোন ও মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...