বিএনপির ভাইস চেয়ারম্যান নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক এক টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধা এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যে তারা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ওই বক্তব্য তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নিলোফার চৌধুরী মনি জুলাইয়ের চেতনায় বিশ্বাসী এবং দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ। তাই ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সংযত ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
ছাত্রদল সভাপতির এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।
