কুমিল্লার পুদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে মোট এক লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, এর মধ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা এবং বাংলাদেশ রেলওয়ে থেকে অতিরিক্ত এক লাখ টাকা প্রদান করা হবে।
রোববার (২২ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের দুটি সিদ্ধান্ত দিয়েছেন, এর একটি হচ্ছে যেখানে রেলের লেভেল ক্রসিং রয়েছে সেখানে আন্ডারপাস ও ওভারপাস করা হবে। আরেকটি হচ্ছে অটোমেটিক সিস্টেম, মানে ক্রসিংয়ের কাছাকাছি রেল আসার সঙ্গে সঙ্গে অটোমেটিক সিস্টেমে গেট পড়ে যাবে, এসব ক্রসিংয়ে গার্ডও দায়িত্ব পালন করবেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে রেল প্রতিমন্ত্রী বলেন, রেল ক্রসিংয়ের দুজন গার্ড ও স্টেশন মাস্টারের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে তাদের বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলের পক্ষ থেকে একটি বিভাগীয় ও একটি জোনাল আওতায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সুতরাং এই ব্যাপারে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে না।
আহতদর চিকিৎসার বিষয়ে রেল প্রতিমন্ত্রী বলেন, আমি ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যারা দ্রুত রাখতে হয়েছে তাদের মধ্যে যদি কাউকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানোর প্রয়োজন হয় আমরা সেই ব্যবস্থাও করব। এ ছাড়া যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী খোঁজখবর রাখছেন।
রেলওয়ের মহাপরিচালক মো.আফজাল হোসেন বলেন, এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এই ঘটনায় আরও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ক্রসিং এলাকায় ওভারব্রিজ থাকার পরও কিন্তু বাসচালকরা ওভার দিয়ে না গিয়ে নিচের ক্রসিং ব্যবহার করেছেন, এই বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, অধিকাংশ এলাকায় রেলের অনুমোদন ছাড়াই লেবেল ক্রসিং করা হয়েছে সেটার বিষয়েও আমরা পদক্ষেপ নেব। যেগুলো হয়ে গেছে সেগুলোতে আমরা গেটম্যান নিয়োগ দেব।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও রেল মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
