নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্র, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি ইউনিয়নে শিশুটিকে তার নানার বাড়িতে রেখে মা–বাবা গাজীপুরে পোশাক কারখানায় কাজ করেন। গত ২১ এপ্রিল বিকেলে প্রতিবেশী এক কিশোর (১৬) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের।
ঘটনার পর পরিবারটি অভিযুক্তের পরিবারের কাছে বিচার চাইলে তারা উল্টো গালমন্দ করে তাড়িয়ে দেয়। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। এ সময় স্থানীয় কয়েকজন মাতবর ঘটনাটি মীমাংসার কথা বলে মামলা না করতে চাপ দেন বলেও অভিযোগ রয়েছে।
পরে বাধ্য হয়ে গত ২৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে শিশুটির মা বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে মামলার পর থেকেই আসামিপক্ষের লোকজন বাদীপক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ। গত রোববার সকালে শিশুটির চাচা বাড়ির পাশের জমিতে বোরো ধান কাটতে গেলে আসামিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে বলে জানা যায়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
মামলার বাদী শিশুটির মা বলেন, “আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবারের সদস্য ও সাক্ষীদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।”
অভিযুক্ত কিশোরের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
