রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
কেন্দুয়া

নেত্রকোনা কেন্দুয়ায় আনন্দমোহন কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি ১০ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নেত্রকোনা কেন্দুয়ায় মুজাহিদ (২২) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা গ্রামে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মুজাহিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মামা রতন মিয়া জানান, মুজাহিদ ও তার ছোটভাই নূর শহীদ আগে গড়াডোবার চন্দলারা গ্রাম থেকে বৈশ্যপাট্টা গ্রামে চলে আসেন। ছোটভাই নূর শহীদ বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। তাদের বাবা কঞ্চন মিয়া ঢাকার কাকরাইল মসজিদে চার মাসের চিল্লায় আছেন।

মুজাহিদ ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়াশোনা করার পাশাপাশি সিএনজি চালক হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে তিনি রান্নাঘরের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

কেন্দুয়া থানার এসআই বিপুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। কেন্দুয়া থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...