বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের

প্রথম সমাচার ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, গোলাম আজমকে ভাষাসৈনিক হিসেবে প্রচার করে জঘন্য মিথ্যাচার করছে জামায়াতে ইসলামী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা সতর্ক করে বলেন, নোংরামি করলে বরদাশত করব না।

পোস্টে আব্দুল কাদের লিখেছেন, বাধ্য হয়ে হোক আর যেমনেই হোক, জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনছে, তাদেরকে স্বাগত জানাই। তবে তাদেরকে ইসরায়েলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের চিন্তাচেতনা তাদের মধ্যে পরিলক্ষিত। সেটা কাম্য নয়। আর আমরা হতেও দেব না।

তিনি আরও লেখেন, ৫ আগস্টের পরে এ রকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন। আবরার ফাহাদ থেকে শুরু করে সবকিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পাঁয়তারা করতেছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে।

সবশেষ তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন। ভালো। বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষাসৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে?

আপনাদের সম্মানিত আমিরের ভাষায়-ই বলি—পরিবর্তন হচ্ছেন, হন; স্বাগত জানাব। কিন্তু নোংরামি করবেন; বরদাশত করব না।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...