মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

পরীমনির বিরুদ্ধে মাদক মামলার শুনানি পেছাল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করে বলেন, এ দিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারি মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।

তিনি বলেন, পরে সিএমএম কোর্টে পরীমনিকে হাজিরা করানো হয়। এরপর বিচারক চার্জগঠন বিষয়ের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ ছিল। কিন্তু ওই দিন পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে আজ ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিন পরে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।

ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।

২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ হয়। পরে এই মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেন। তবে অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলাটি উচ্চ আদালতে পুনরায় চার্জ গঠনের আদেশ আসে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com