বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট ম্যাচে বৃষ্টির শঙ্কা

প্রথম সমাচার ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে শনিবার (২১ ফেব্রুয়ারি)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে অনিশ্চয়তা নতুন কিছু নয়। বিশেষ করে কলম্বোতে বড় ম্যাচের আগে বৃষ্টি নিয়ে শঙ্কা প্রায় নিয়মিতই উঠে আসে। আজকের ম্যাচও তার ব্যতিক্রম নয়। আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে।

দুপুর ১টা থেকে ৩টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি—৪৯ থেকে ৬৮ শতাংশ পর্যন্ত। তবে ম্যাচ শুরুর সম্ভাব্য সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে বৃষ্টির আশঙ্কা কমে প্রায় ২০ শতাংশে নামতে পারে। আর্দ্রতা থাকবে ৮০ শতাংশের ওপরে এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় খেলোয়াড়দের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে।

এদিকে গ্রুপ পর্ব শেষ করে এখন বিশ্বকাপের ‘ব্যবসায়িক’ অংশে প্রবেশ করেছে আট দল। সুপার এইটে গ্রুপ–২ এ রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুই দল। ফলে প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট হারানোর ঝুঁকি বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে দুই দলই পাবে এক পয়েন্ট করে। এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই। নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ৯০ মিনিট রাখা হয়েছে ফল নিশ্চিত করার জন্য। তবে পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের মতো সময়ও যদি না পাওয়া যায়, তাহলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ বৃষ্টিতে ভেসেছে—গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচটি একটি বলও না গড়িয়েই পরিত্যক্ত হয়েছিল।

সুপার এইটের শুরুতেই যদি পয়েন্ট ভাগাভাগি হয়, তাহলে গ্রুপের সমীকরণ আরও জটিল হয়ে উঠবে। তাই এখন নজর শুধু দুই দলের লড়াইয়ে নয়—কলম্বোর আকাশেও।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...