মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Logo
×

পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পীকার, IRI প্রতিনিধির সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা

প্রথম সমাচার ডেস্ক ১৬ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে মঙ্গলবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (IRI) বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি।

বৈঠকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে IRI-এর সহযোগিতার প্রস্তাব তুলে ধরেন।

বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিষ্ঠানটি দেশে যেসব কার্যক্রম পরিচালনা করছে, সেসব বিষয়ে স্পীকারকে অবহিত করেন জন ফ্লুহার্টি। বৈঠকে স্পীকার শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের প্রসঙ্গ উত্থাপন করে এই অর্থ দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, দেড় দশকের নিপীড়নমূলক শাসনে আয়না ঘর, গুম, খুন ও বিরোধী মতের দমন-পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গিয়েছিল।

স্পীকার জানান, গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও দেশের ইতিহাসের সর্বাধিক গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

নবনির্বাচিত সংসদ সদস্যরা ধীরে ধীরে সংসদীয় কার্যপ্রণালী রপ্ত করছেন উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ইউএনডিপি সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কার্যক্রমের আয়োজন করেছে, যেখানে বিশেষজ্ঞদের মাধ্যমে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।

বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হলো বিরোধী দলসহ সকল মহলের মতপ্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং দেশকে দুর্নীতিমুক্ত করা বলে স্পীকার অভিমত দেন।

সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, জ্বালানি সংকটসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বিরোধী দল আন্তরিকভাবে সংকট উত্তরণে সহযোগিতা করে যাচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং আইআরআইয়ের কনসালট্যান্ট অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...