পারিবারিক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার বাদী শাহ নেওয়াজ আহাম্মদ, যিনি তুরিন আফরোজের ভাই, অভিযোগ করেছেন যে প্রভাব খাটিয়ে ও জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, তাদের বাবার মৃত্যুর পর তুরিন আফরোজ জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া হলফনামা তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেন। এছাড়া প্রভাব খাটিয়ে বাদীর মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন এবং গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ নিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তুরিন আফরোজ বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। এর ফলে পরিবারটি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
নথিপত্র অনুযায়ী, দীর্ঘ সময় বিদেশে অবস্থানের কারণে বাদীর মামলা দায়ের করতে বিলম্ব হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
এর পরিপ্রেক্ষিতে আদালত তুরিন আফরোজকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
