পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রাধান্য নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম কমিশন (CHTC) ও ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স (IWGIA)।
গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে তিনটি প্রজ্ঞাপন জারির পর এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সংগঠন দুটি।
গত বুধবার(২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলা হয়, নতুন কমিটিগুলোর গঠন ও কার্যপরিধি পর্যালোচনা করলে দেখা যায়, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে নীতি প্রণয়ন, সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। তাদের মতে, এ কাঠামো ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
১৯ সদস্যের জাতীয় কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে প্রধান সমন্বয়কারী এবং ডিজিএফআইয়ের মহাপরিচালককে সদস্য-সচিব করা হয়েছে। কমিটিতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালককেও রাখা হয়েছে। কমিটিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, কার্যক্রম তদারকি ও সমন্বয় এবং জাতীয় কৌশল প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাহী কমিটিতেও নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতি রয়েছে। কমিটির চেয়ারম্যান স্বরাষ্ট্রসচিব হলেও ডিজিএফআইয়ের মহাপরিচালককে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। পুলিশ, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, আনসার, সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কমিটিতে রাখা হয়েছে।
CHTC ও IWGIA বলছে, নির্বাহী কমিটিকে ‘সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ’ মোকাবিলার লক্ষ্যে জাতীয় কৌশল প্রণয়ন এবং ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও সংশ্লিষ্ট আইন পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মতে, নিরাপত্তা ও গোয়েন্দা-প্রধান কমিটির মাধ্যমে চুক্তি পর্যালোচনার উদ্যোগ উদ্বেগজনক। চুক্তিটি সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (PCJSS) মধ্যে স্বাক্ষরিত হওয়ায় এর কোনো পরিবর্তন বা পর্যালোচনা হলে উভয় পক্ষের অংশগ্রহণে রাজনৈতিক সংলাপের মাধ্যমে তা হওয়া উচিত।
সংগঠন দুটি আরও বলেছে, প্রজ্ঞাপনে ‘সন্ত্রাসবাদ’ ও ‘বিচ্ছিন্নতাবাদ’ শব্দ ব্যবহারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট উপেক্ষা করা হয়েছে। মানবাধিকার সুরক্ষার বিষয়েও সুস্পষ্ট উল্লেখ নেই। এতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড, চুক্তি বাস্তবায়নের দাবি, মানবাধিকার কার্যক্রম ও আদিবাসী পরিচয়ের প্রকাশকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখার আশঙ্কা তৈরি হয়েছে।
উপদেষ্টা কমিটিতেও পর্যাপ্ত ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে CHTC ও IWGIA। তাদের দাবি, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে তার মনোনীত প্রতিনিধি রাখা হয়েছে। তিন সার্কেল চিফ, হেডম্যান ও কারবারিদের জন্যও নির্দিষ্ট প্রতিনিধিত্ব রাখা হয়নি।
চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি সক্রিয় করা, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা এবং পার্বত্য চট্টগ্রামে পূর্ণাঙ্গ বেসামরিক শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠন দুটি।

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির স্বীকার হয়েছেন: মির্জা আব্বাস
জলবায়ু অর্থায়ন সহজীকরণ ও উন্নয়নশীল দেশের ঋণের বোঝা কমানোর জোরালো দাবি