নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে থানার পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। তবে আসামিকে এখনো গ্রেফতার করা যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুটিমারী গ্রামের এসকেন শেখকে গ্রেফতার করেন নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান। পরে তাকে হাতকড়া পরিয়ে পুটিমারী বাজারে নেওয়া হয়। সেখানে আসামির অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান।
পুলিশ জানায়, আসামি এসকেন শেখের বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখ হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। এসময় এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্যা প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্যা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে পুলিশকে লাঞ্ছিত করে আসামিকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে বুধবার বিকেল পর্যন্ত ছিনতাই হওয়া ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেফতার করতে পুটিমারী ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা