প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টায় তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করবেন।
প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টা থেকেই নয়াপল্টন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং পরিচয় নিশ্চিত করার পরই কেবল আশপাশে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থায় এসএসএফের পাশাপাশি র্যাব, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এত কড়াকড়ির মধ্যেও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে, যা পুরো এলাকাকে সরগরম করে তুলেছে।
এর আগে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভা শেষে নয়াপল্টনে আসার ঘোষণা দেন তারেক রহমান। সভা শেষে মঞ্চ থেকে নামার সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামীকাল নয়াপল্টন অফিসে যাব, আমি তোমাদের দেখতে চাই। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিলনায়তন মুখর করে তোলেন।
প্রধানমন্ত্রীর নয়াপল্টনে আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় নয়াপল্টন এলাকা এখন কার্যত কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা।
