এখন থেকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে তাঁর যাত্রা ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিতির ক্ষেত্রে নতুন বিধিমালা অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী কেবল চারজন সরকারি প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত থাকতে পারবেন।
বিধিমালায় বলা হয়েছে, সরকার প্রধানের সফরকালীন বিদায় ও অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন—জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এর বাইরে অন্য কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সরকারি কর্মকর্তার উপস্থিতি নিরুৎসাহিত করা হয়েছে।
সরকারি সূত্রের দাবি, প্রটোকল সহজীকরণ, সময় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং আনুষ্ঠানিকতা সীমিত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয় ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনাও এর উদ্দেশ্য বলে জানা গেছে।
নতুন বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

