প্রশাসক নিয়োগ হলেও সঠিক সময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, না। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারি কতগুলো নিয়ম-কানুন আছে। সঠিক সময়ে নির্বাচন দেওয়া হবে।
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, নারী আসনের নির্বাচনের বিষয়ে পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। আর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের আদর্শ, জনগণের সাথে সম্পৃক্ততা এবং দলের জন্য ত্যাগ রয়েছে- তাদের প্রাধান্য দেওয়া হবে।
আওয়ামী লীগের অফিস খোলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের অফিস খুলুক আমরা চাইনি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন। বেগম জিয়া শুধু বাংলাদেশ নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যে যেসব নেতা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অতি অল্প সময়ের মধ্যেই তিনি মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছেন। তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে। বর্তমান সরকার সত্যিকার অর্থেই একটা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে যা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য ছিল।
