দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার রাজধানীর কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরাসরি শ্রেণিকক্ষেই পাঠদান চালিয়ে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস খুব বেশি কার্যকর নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত স্কুল বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের বাস্তব অবস্থা যাচাই করতেই এই পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি ইঙ্গিত দেন, আগামী জুন-জুলাই নাগাদ শিক্ষা খাতে নতুন কিছু উদ্যোগ নেওয়া হতে পারে, যার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
এদিকে, হামের সংক্রমণ বিবেচনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র সরকারের উচ্চপর্যায়ে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
