ফেনীতে ছাত্রদলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাতে শহরের মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবতাহি হোসেন তাহি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহিপাল এলাকায় তাহির ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করেন।
তবে অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার ও দলীয় সূত্রের দাবি, স্থানীয় খুরশিদ নামে এক ব্যক্তির নেতৃত্বে হামলাটি চালানো হয়েছে। তারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতের পরিবার। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
