ফেনীতে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার সকালে শহরের স্টেশন রোড এলাকায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন তরুণ এ কর্মসূচিতে অংশ নেন।
পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ভিডিওতে দেখা যায়, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও আলাউদ্দিন নাসিমের ছবি সংবলিত একটি ব্যানার বহন করে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্টেশন রোড থেকে শুরু হওয়া মিছিলটি রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকায় গিয়ে শেষ হয়।
ঘটনার পর বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
