পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
সরকারি এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ফ্রান্স সাহেল অঞ্চলে নব্য উপনিবেশবাদী নীতি অনুসরণ করছে এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী বিভিন্ন নেটওয়ার্ক ও সশস্ত্র গোষ্ঠীকে পরোক্ষভাবে সহায়তা দিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ভিত্তি আর বহাল নেই বলে মনে করছে বুরকিনা ফাসো।
গত কয়েক বছরে দেশটির সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ধারাবাহিকভাবে অবনতি হয়েছে। ২০২৩ সালে বুরকিনা ফাসোতে অবস্থানরত ফরাসি সেনাদের দেশ ছাড়তে বলা হয়। এরপর ২০২৪ সালে কয়েকজন ফরাসি কূটনীতিককে বহিষ্কার করা হয় এবং ২০২৫ সালে দেশটি ফ্রাঙ্কোফোনি জোট থেকেও নিজেদের প্রত্যাহার করে নেয়।
সাম্প্রতিক ঘোষণাকে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
