প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ উন্মোচন করেছে নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশন প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে প্রযুক্তি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। অনুষ্ঠানে টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিসের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আজকের এই পার্টনার কানেক্ট অনুষ্ঠানে আমরা বিশ্বের সর্বশেষ ওয়াই-ফাই প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করতে যাচ্ছি। বিশ্বজুড়ে নতুন এই প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য এটি একটি বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
টিপি-লিংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে তারা আগ্রহী। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে।
টিপি-লিংক জানিয়েছে, ওয়াই-ফাই ৮ মূলত ওয়্যারলেস সংযোগের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা ও ধারাবাহিক কর্মক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ নীতির ভিত্তিতে তৈরি এই প্রযুক্তি ক্রমবর্ধমান ডিজিটাল পরিবেশে নিরবচ্ছিন্ন সংযোগ ও বিস্তৃত কভারেজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।
একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সংযোগের স্থিতিশীলতা বাড়ানো এবং বিভিন্ন ডিজিটাল সেবায় নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করাকে ওয়াই-ফাই ৮-এর অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।
ওয়াই-ফাই ৮ উন্মোচনের পাশাপাশি টিপি-লিংক তাদের ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বাড়ানোই এ কর্মসূচির লক্ষ্য।

বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়েও কেন কাটে না মানসিক যন্ত্রণা